২য় বর্ষ সংখ্যা ৪৯, জুলাই ০৬, ২০১১ । বুধবার 

৩১ মে জ্যাকসন হাইটস বাংলাদেশী  ব্যবসায়ীদের নির্বাচন

 

নতুনদেশ ডটকম

সিলেকশন না ইলেকশন, এ ধরনের দো-টানা পরিস্থিতির অবসান ঘটিয়ে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন( জেবিবিএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন হতে যাচ্ছে আগামী ৩১মে। গত ১৭মে জেবিবিএ’র সাধারণ সভায় সর্বসমম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন এই সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা সাইদুর রহমান মান্নান । সভা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন মোহাম্মদী সেন্টারের খতিব মাওলানা কাজী  কাইয়ুম। সাধারণ সদস্যদের দাবির মুখে উপদেষ্টারা নির্বাচন কমিশন গঠনে সম্মত হন।

সভায় সর্বসম্মতিক্রমে ইস্ট-ওয়েস্ট শাড়ির কর্ণধার মাহবুব চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন ডাকসুর সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন ভুলু, মূলধারার রাজনীতিক ও একটিভিস্ট শাহ শহীদুল হক সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আহমেদ ও বাফাফ-এর সাধারণ সম্পাদক এবং বিশাল কনস্ট্রাকশন-্এর প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান।

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় আগামী ২২মে রোববার। অবশ্য কিছু ব্যবসায়ী ৩১মে সময়টা প্রয়োজনের তুলনায় কম বলে উল্লেখ করে সময় বাড়ানোর অনুরোধ জানান।

উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সাইদুর রহমান মান্নান জানান, এবারের নির্বাচন হবে ব্যতিক্রমী। কোনো পোস্টার-ব্যানার করা যাবে না। কোনো মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া যাবেনা। সদস্যদের উপস্থিতিতে গোপন ব্যালটে ভোট হবে।

জানা গেছে, জেবিবিএ’র ১৯০জন ভোটারের মধ্যে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রাথী হচ্ছেন, ড. মনসুর খান, মোহম্মদ পিয়ার, গিয়াস মজুমদার । তিতাস সুপার মার্কেটের আবদুল ফজল দিদারুল ইসলাম ও গ্লোবাল মাল্টিসার্ভিস-এর তারেক হাসানের নাম সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে শোনা যাচ্ছে।

এদিকে কেউ কেউ ভোটার লিস্টে অনেক অব্যবসায়ী রয়েছেন উল্লেখ করে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টারা বলেন, গঠনতন্ত্রের বর্তমান নীতিমালার কারণে তাদের বাদ দেওয়া যায়নি।