> মালয়েশিয়ায় ৩ লাখ শ্রমিকের পাসপোর্ট লাভ অনিশ্চিত!
১৭-১৯ জুন নিউইয়র্কে তিনদিনব্যাপী বর্নাঢ্য বইমেলা
আগামী ১৭, ১৮ ও ১৯ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৯ স্ট্রীটের গার্ডেন স্কুল মিলনায়তনে উত্তর আমেরিকা বইমেলার ২০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে তিনদিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মুক্তধারা ফাউন্ডেশন সূত্রে জানা যায় এবছর বইমেলার উদ্বোধন করবেন বাঙালনামা খ্যাত প্রখ্যাত লেখক তপন রায় চৌধুরী। বইমেলায় যোগ দেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকাশনা সংস্থা। ইতমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে লেখক হুমায়ূন আহমেদ, ড. জাফর ইকবাল, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজমুদার, নবকুমার বসু, নির্মলেন্দু গুণ, আবদুস সামাদ, শাহাদাৎ হোসেন সোহাগ। বাংলা একাডেমী, নজরুল ইন্সটিউট, শিল্পকলা একাডেমী , শিশু একাডেমী, জাতীয়গ্রন্থ কেন্দ্র ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনকেও আমন্ত্রন জানানো হয়েছে। এছাড়া উত্তর আমেরিকায় বসবাসরত প্রখ্যাত কবি-লেখক-সাহিত্যিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ইতমধ্যে যারা বইমেলায় অংশগ্রহণ করবেন বলে সম্মতি দিয়েছেন কবি শহীদ কাদরী, ড. জ্যোতিপ্রকাশ দত্ত, পূরবী বসু, দিলারা হাশেম, ড. আলী আনোয়ার, হাসান ফেরদৌস, ফেরদৌস সাজেদীন, সৌম্য দাশগুপ্ত, তনুশ্রী ভট্টাচার্য, অরবিন্দ ঘোষ, আলোলিকা মুখোপাধ্যায়, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, জসিম মল্লিক, সৈয়দ ইকবাল, সেজান মাহমুদ প্রমূখ। বাংলাদেশের প্রতিথযশা নাট্যকার এবং জাতিসংঘে নিযুক্ত কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজউদদীন আহমেদ এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিবছরের মতো এবছরও থাকবে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিল্পীবৃন্দের সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে সাহিত্য আলোচনা, লেখক-পাঠক মুখোমুখি, লেখক-প্রকাশক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি অনুষ্ঠান, গীতিআলেখ্য, নাটক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ বছর উপলক্ষে থাকবে বিশেষ অনুষ্ঠানমালা। বাংলাদেশের প্রকাশনা সংস্থার মধ্যে আগামী প্রকাশনা, শিখা প্রকাশনী, সময় প্রকাশনা, বাংলা প্রকাশ এবং পশ্চিমবঙ্গ থেকে আনন্দ পাবলিশার্স, সাহিত্যম, নির্মল বুক হাউস, পত্রভারতী, দেজ প্রকাশনা অংশগ্রহণ করবে। এছাড়া নিউইয়র্কের বিভিন্ন প্রকাশনা সংস্থা এবং বই বিক্রেতা প্রতিষ্ঠানগুলোও মেলায় অংশ নেবে।
এবার মেলা শুরু হবে ১৭ জুন শুক্রবার সকাল ১১ টা থেকে। গার্ডেন স্কুলের মাঠ জুড়ে হবে সকলপ্রকার স্টল। বইয়ের স্টল ছাড়াও ২০ বছর পূর্তির অনুষ্ঠানের মেলা অনুষ্ঠিত হবে গার্ডেন স্কুলের মাঠ জুড়ে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে। থাকবে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা। এবছরও বাংলাদেশ ও ভারত থেকে আসছে হস্তজাত শিল্প এবং শাড়ীর পশরা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান। নিউইয়র্কের ব্যবসায়ীদের জন্য স্টলভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০০ ডলার। খাবার স্টল-এর ভাড়া ৫০০ ডলার। বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসবের ২০ বছর পূর্তি উপলক্ষে হৃাসকৃতমূল্যে হোটেল প্যান আমেরিকান-এ ব্যবস্থা করা হয়েছে। আমেরিকার বিভিন্ন স্টেট এবং বিভিন্ন দেশ থেকে আগত অতিথিবৃন্দ ৯৯ ডলারে হোটেলে থাকতে পারবেন। এছাড়া বইমেলা ও বাংলা উৎসব সংক্রান্ত সকল আপডেট সংবাদেও জন্য ওয়েবসাইট করা হয়েছে।
মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী সদস্যবৃন্দের সভায় ২০ বছরের অনুষ্ঠানে কোন প্রবেশমূল্য থাকবেনা বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এবং আমেরিকার ব্যবসায়ীদের স্বতস্ফুতঃ অংশগ্রহণের জন্য তিদিনের জন্য ৩০০ ডলারে স্টল দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় বইমেলার ২০ বছর পূর্তির প্রাক্কালে আমেরিকার বাংলা সংবাদ মাধ্যমগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা সংস্থা এবং পশ্চিমবঙ্গের বইমেলার আয়োজক সংস্থা গিল্ড এন্ড গিল্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বইমেলাকে সাফল্যমন্ডিত করতে সভায় স্বেচ্ছা সেবকের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। আগ্রহী শিল্প ও সাহিত্যামোদীদের ৭১৮-৫৬৫-৭২৫৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।