২য় বর্ষ সংখ্যা ৪৯, জুলাই ০৬, ২০১১ । বুধবার 

মস্কোতে জমজমাট বাংলাদেশ উৎসব ২০১১

 

জামিল খান, মস্কো থেকে

বর্ণাঢ্য আয়োজন আর ব্যাপক উৎসাহ এবং সেই সাথে আঁখি আলমগীর ও সাব্বিরের কনসার্টের মধ্য দিয়ে গত ২৪ জুন শুক্রবার মস্কেতো ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১১’ উদযাপিত হয়েছে।
মস্কোস্থ ‘কারালেবস্কী’ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক রুশ নাগরিক উপস্থিতি ছিলেন। বাংলাদেশি বিজনেসম্যান এ্যাসোসিয়েশন (আরবিসিসিআই ) এককভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কনসার্টে অংশগ্রহণ ছাড়াও বাংলাদেশ থেকে আগত শিল্পীরা গত শনিবার ‘আরবিসিসিআই’ এর বার্ষিক বনভোজনে যোগ দেন।
‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১১’ উপলক্ষ্যে ঐ দিন ‘আরবিসিসিআই’ এর বিগত বছরগুলোর বিভিন্ন কার্যক্রমের ওপর স্থির চিত্র, বাংলাদেশি হস্থশিল্প এবং কুটিরশিল্পসহ বিভিন্ন লোকজ পণ্যসামগ্রীর প্রদর্শনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল পর্ব মোট ৩টি পর্যায়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রহমানের উপস্থাপনায় প্রথম পর্বে প্রবাসী বাংলাদেশী শিশু -কিশোরদের গান ও নৃত্য পরিবেশিত হয়। ২য় পর্বে সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামের পরিচালনায় ‘আরবিসিসিআই’ এর ১৭ বছরের কার্যক্রমের ভিডিও ফুটেজ ও স্থির চিত্রের সমন্বয়ে সংগঠনের পরিচিতি তুলে ধরা হয়।
‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১১’ অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল ৩য় পর্ব। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীর ও সাব্বিরের সুরের মুর্ছনায় কিছুক্ষণের জন্য হারিয়ে যান প্রবাসের সঙ্গীত পিপাসুরা। দুই শিল্পী তাদের নিজস্ব অ্যালবামের গান ছাড়াও বাংলাদেশি শিল্পীদের গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে শোনান। এই প্রতিবেদককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আঁখি আলমগীর ও সাব্বির ভবিষ্যতে আবারও মস্কো আসার ইচ্ছা প্রকাশ করেন। কনসার্ট কেমন লেগেছ এ সম্পর্কে জানতে চাইলে মস্কোর ভেদেন খাঁ’র ব্যবসাই আশরাফী মনির বলেন, ‘আমি মস্কোতে প্রবাসী বাংলাদেশিদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছি কিন্তু কোথাও এত সুষ্ঠু পরিকল্পনামাফিক অনুষ্ঠান কখনও দেখিনি। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠানটি বেশ উপভোগ করেছি’।
প্রসঙ্গত, ব্যাবসায়ীদের সংগঠন হলেও ‘আরবিসিসিআই’ রাশিয়ায় বাংলাদেশি সংস্কৃতির প্রচার ও প্রসারে শুরু থেকেই কাজ করে চলছে। এরই ধারাবাহিকতায় ‘আরবিসিসিআই’ ২০০৭ ও ২০০৮ সালে মস্কোতে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’এর আয়োজন করে। এবারের উৎসবে দর্শক সমাগম যা বিগত যে কোন বছরের তুলনায় অনেক বেশি ছিল। এ সম্পর্কে সংগঠনের সভাপতি ফিরোজ উল আলম খান বলেন, ‘আরবিসিসিআই’ এর প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও সর্বাত্মক সহযোগীতার কারণেই এমন সুন্দর একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে।