২য় বর্ষ সংখ্যা ৪৯, জুলাই ০৬, ২০১১ । বুধবার 

দুই মিলিয়ন ডলার অনুদান পেল ওবিসিএস

 

নতুনদেশ ডটকম

টরন্টোর ওন্টারিও বেঙ্গলি কালচারাল সোসাইটি ‘ওবিসিএস’কে  দুই মিলিয়ন ডলার অনুদান   দিয়েছে 'মাহমুদ হুসেন ফ্যামিলি চ্যারিটিবেল ফাউন্ডেশন' । সম্প্রতি ডাউন টাউনের অভিজাত হোটেল শেরাটন সেন্টারের বলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানে অনুদানের এই চেক হস্তান্তর করা হয়। বিশিষ্ট সামাজসেবক, মাহমুদ হুসেইন ওবিসিএসের নেতৃবৃন্দের হাতে চেকটি তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাইকেল প্রু এমপিপি, ড্যানফোর্থপস্থ আসনের পিসি মনোনীত এমপিপি প্রার্থী রিটা জেঠি ও ড . বিক্রম লাম্বা। আরো উপস্থিত ছিলেন অন্টারিও পিসি প্রধান টিম হুডাকের ক্যাম্পেইন ম্যানেজার স্প্যাপিরো, বিচেস -ইস্টইয়র্কের পিসি মনোনীত এমপিপি প্রার্থী ক্রিস ম্যানারিও, ইয়র্ক সেন্টারের পিসি মনোনীত এমপিপি প্রার্থী মাইকেল মসটিন, টনি এফটেরা, গ্রে এলিস, জন ম্যাকানজি প্রমুখ। সিবিসি টেলিভিশনের জনপ্রিয় সংবাদপাঠিকা সুহানা মেহের চান্দ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। তাকে সহায়তা করে পরমা, মাহরিন ও মেহরাব।
অনুদান প্রদা্নকারী  মাহমুদ হুসেন তাঁর বক্তব্যে বলেন, আমি চাই কানাডিয়ান বাংলাদেশীরা ঐক্যবদ্ধভাবে কাজ করুক এবং এগিয়ে যাক। আমার প্রতিষ্ঠিত 'মাহমুদ হুসেন ফ্যামিলি চ্যারিটিবেল ফাউন্ডেশন' কেবলমাত্র বাংলাদেশী কমিউনিটি নয়, কানাডায় বসবাসরত সকল কমিউনিটির উন্নয়নে সহায়তা করতে চায়। বিশ্ব মানবকল্যাণ, পরিবেশ উন্নয়ন, সর্বোপরি শান্তি ও সমৃদ্ধশালী কানাডা গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর। এই লক্ষ্য নিয়েই মাহমুদ হুসেন চ্যারিটি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

ক্যাম্পেইন ম্যানেজার স্প্যাপিরো অন্টারিও পিসি প্রধান টিম হুডাকের একটি শুভেচ্ছা বাণী পাঠ করেন।
প্রধান অতিথি ড . ওয়াহিদুল হক বলেন, বাংলাদেশ এখন একটি রাজনৈতিক ক্রান্তিকালের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে । প্রবাসীদের দায়িত্ব দেশের জন্যে সাধ্যমতো কাজ করা। আর মাহমুদ হুসেনের এই অনুদান বাংলাদেশী কমিউনিটি সবসময় চিরকৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। আমি ওবিসিএস এর আরো সাফল্য কামনা করছি।

সংগঠনের সভাপতি ফারহানা পল্লব বলেন, আমাদের স্বপ্ন এবার সত্যি হলো। দাতা মাহমুদ হুসেইনকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। এই অর্থ দিয়ে ‘মাহমুদ হুসেইন বেঙ্গলি কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। আমি আশা করবো টরন্টোতে বসবাসরত বাংলাদেশিরা ঐক্যবদ্ধভাবে এই সেন্টার প্রতিষ্ঠা এবং পরিচালনার কাজকে এগিয়ে নিয়ে যাবেন। ওবিসিএস সবসময় বাংলাদেশি কমিউনিটির উন্নয়নের জন্যে কাজ করেছে, আগামীতে করবে।
সংগঠনের সহ -সভাপতি মির্জা শহিদুর রহমান ওবিসিএসের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, খুব শীঘ্রই আমরা একটি জব ফেয়ারের আয়োজন করতে যাচ্ছি। কানাডার মূলধারার বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এই আয়োজনে অংশ নেবেন। আমাদের স্বপ্নের ‘মাহমুদ হুসেইন বেঙ্গলি কালচারাল সেন্টার’ টি যেনো সত্যিকার অর্থেই বাংলাদেশী কানাডিয়ানদের প্রাণকেন্দ্র হয়ে ওঠে সেই লক্ষ্যেই আমাদের বিরামহীন পথচলা। সকলের সহযোগিতা ও পরামর্শ আমাদের চলার পথকে আরো মসৃণ করবে।

সর্বশেষ ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন আশফিয়া, সুমাইয়া, আইরিন আলম, নাসরিন খান, ফারহানা শান্তা, সুমন সাইয়িদ ও তনুকা সাইয়িদ। অনুষ্ঠানের মাঝে তিনটি স্লাইড শো প্রদর্শিত হয়। পরিচালনায় ছিলেন ড . হাসান মাহমুদ, ওমর ফারুক ও আরিফ রহমান।